ক্রীড়া প্রতিবেদক:
দেশের ক্রিকেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। যদিও সেভাবে তিনি বিষয়টি খোলাসা করেননি। বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে ঠিক তখনই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক এই ওপেনার। প্রথমে বিসিবির পরিচালক হতে চান তামিম। এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে তার নজর রয়েছে।
দেশের প্রথমসারির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দেশ সেরা ক্রিকেটার তামিম ইকবাল। একই বিষয়ে প্রতিবেদন করেছে ক্রীড়াভিত্তিক ওয়েসবাইট ক্রিকবাজও। যেখানে তামিম বলেন, ‘কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি। কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না। যদি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয়। কিন্তু বিসিবি আলাদা। এখানে প্রথমে পরিচালক হতে হয়।’
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী– তিন ক্যাটাগরিতে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন। ২৫ সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাব (ক্যাটাগরি-১) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ জন পরিচালক। ক্যাটাগরি-২ থেকে (আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিনিধি) ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলররা ভোট দিয়ে ১০ জন পরিচালক নির্বাচন করেন। ক্যাটাগরি-৩ এ একজন পরিচালক নির্বাচিত হন ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায়। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।
Leave a Reply