প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ জিতেলেই সিরিজ জিতে নেবে লিটন দাসের দল। যে কারণে ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কেননা সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়লাভের কোনো বিকল্প নেই। রায়ান কুকের দল সেটা নিশ্চিতভাবে চাইবে।
গতকাল সংবাদ সম্মেলনে নোয়া ক্রোস বলেছেন, ‘অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি আমরা পরের দুই ম্যাচ ভালো করব এবং ২-১ এ সিরিজ জিতব।’ বাংলাদেশের পেসারদের নিয়ে ক্রোস বলেন, ‘আমার মনে হয় ওরা সত্যিই খুব উঁচু মানের বোলার। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। এই হাই কোয়ালিটি অ্যাটাকের বিরুদ্ধে আমরা আরও দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছি।’
ক্রোস আরও জানান, ‘সর্বশেষ যে দুবার আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি, ২০২২ ও ২০২৩ বিশ্বকাপে, কন্ডিশন ভিন্ন ছিল। এই কন্ডিশন আমাদের জন্য অচেনা। আমাদের এখানে খেলা নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, একইসাথে সুযোগও। এটা আমাদের জন্য খুবই মূল্যবান সিরিজ। এই ধরনের উইকেট ও কন্ডিশনে খেলা অবশ্যই বিশ্বকাপের জন্য ভালো এক অভিজ্ঞতা।’
Leave a Reply