মো: রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম–৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে তার নির্বাচনী গণসংযোগের সূচনা করেছেন। সাবেক মন্ত্রী মরহুম এলকে সিদ্দিকীর কবর জিয়ারতের মধ্য দিয়ে মুরাদপুর রহমত নগর এলাকায় শুরু হয় এই কর্মসূচি।
বুধবার সকালে তিনি মরহুম নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন, তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রহমত নগর ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগে অংশ নেন। ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন,
“মরহুম এলকে সিদ্দিকী ছিলেন এই জনপদের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ের প্রতীক। তার দেখানো পথ ধরেই আমরা আজ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। এই আন্দোলন জনগণের, এই বিজয়ও জনগণের হবে।”
গণসংযোগকালে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। স্লোগান, ব্যানার ও ধানের শীষের প্রতীকে মুখর হয়ে ওঠে মুরাদপুর–রহমত নগর। বিপুলসংখ্যক নারী-পুরুষ, তরুণ-যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আসলাম চৌধুরীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে একজন সাহসী, সৎ ও জনপ্রিয় নেতৃত্ব প্রয়োজন—আর সেই নেতৃত্ব হিসেবে তারা আসলাম চৌধুরীকেই এগিয়ে দেখতে চান।
গণসংযোগ শেষে নেতাকর্মীদের মাঝে দৃঢ় প্রত্যয় দেখা যায়—আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।
Leave a Reply