শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইয়ের ঘটনার পর গণপিটুনিতে নিহত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দমুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে। গণপিটুনিতে নিহত দুজন হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের ময়নুল ইসলাম (৩২) এবং একই গ্রামের আবু তালেব ভুন্ডুল (৩০) ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউলা বাজার এলাকার দুখু মিয়ার স্ত্রী নাছিমা বেগম ঢাকায় থেকে ভোরে পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর এলাকায় বাস থেকে নামেন। এ সময় কোনো যানবাহন না পেয়ে তিনি স্বামীকে ফোন দিলে দুখু মিয়া পায়ে চালিত ভ্যান নিয়ে তাকে আনতে যান। পরে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণ-রূপার গহনাসহ মালামাল ছিনিয়ে নেয়। ঘটনাটি মোবাইল ফোনে জানানো হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
একপর্যায়ে তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে তারা খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এলাকাবাসী বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে তিন আরোহী সহ মোটরসাইকেল পুকুরে পড়ে যায় জনতা দুজনকে আটক করে। এ সময় অপর একজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটক দুইজনকে খোর্দ্দ মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম গণমাধ্যমে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply