1. admin@dainiknatunbangladesh.com : updum.com : doinikprothombayla com
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ চাঁদপুর-১(কচুয়া) আসনের নির্বাচনী হালচাল - Dainiknatunbangladesh.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ চাঁদপুর-১(কচুয়া) আসনের নির্বাচনী হালচাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক(কচুয়া,চাঁদপুর): অন্তবর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনায় জমে উঠেছে সারাদেশের নির্বাচনী হাওয়া। চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১যুগ ধরে একচ্ছত্র রাজত্ব করছেন আ.লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও তার পরিবার। মাঝে ২০২১ সালে স্বল্লসময়ের জন্য এমপি হন ড. সেলিম মাহমুদ। আ. লীগ-বিএনপি যে দলই ক্ষমতায় থাকুক না কেন, মখা আলমগীর ছিলেন এ আসনে অপ্রতিরোধ্য। তবে ৫ আগস্টের পর উলটে গেছে চিত্র। ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার বাড়িতে। পালিয়ে গেছেন অধিকাংশ নেতাকর্মীরা। শূন্য হয়ে গেছে জেলার আওয়ামী লীগের রাজনীতি। এদিকে অনেকটা ফাঁকা মাঠে গোল দিতে মরিয়া বিএনপির একাধিক নেতা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ-সদস্য হওয়ার জন্য এক প্রকার যুদ্ধে নেমেছেন তারা। জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরাও নেমেছেন নির্বাচনী মাঠে।

কচুয়া উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-১ আসন থেকে ড.মখা আলমগীর ৩ বার তাঁর ভাই মেজবাহ উদ্দিন ১ বার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে বিএনপির ড. এহছানুল হক মিলন সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে মখা আলমগীর এখন নিরুদ্দেশ। সদ্য সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদও রয়েছেন দেশের বাহিরে। আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং একাধিক মামলার কারণে ড.মখা আলমগীর ও ড. সেলিম মাহমুদ নির্বাচন করতে পারছেন না-এটা মোটামুটি নিশ্চিত। এই সুযোগে সংসদ-সদস্য হতে মরিয়া বিএনপির একাধিক নেতা। এরই মধ্যে মনোনয়ন দৌড়ে নিজেকে এগিয়ে রাখতে সভা-সমাবেশ,সেমিনারসহ নেতাকর্মীদের নিয়ে কর্মিসভা উঠোন বৈঠক করে যাচ্ছেন তারা।

সরেজমিন এ প্রতিবেদক পুরো উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের আলোচনায় মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। বিএনপির সাবেক এমপি ড. এহছানুল হক মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবি। তিনি এর আগেও এই আসন থেকে মনোনয়ন চেয়ে পাননি। এরপর রয়েছেন প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি প্রবাস থেকে এসেই শোডাউন করছেন। তিনি বিএনপির পরীক্ষিত কর্মী হয়েও আগে কখনো মনোনয়ন পাননি। এবার তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাছাড়া আরও অনেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে ব্যানার ফেস্টুন টানিয়েছেন।

বিএনপির সাবেক সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলনের গোটা কচুয়ায় রয়েছে একচ্ছত্র আধিপত্য। সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান শিকার যোগ্য। তাই বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। যদিও ড. মিলনের বিরুদ্ধে সংস্কারপন্থি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কটুক্তির অভিযোগ রয়েছে। বিএনপির দুই গ্রুপের টানাহেঁচড়ায় মনোনয়ন দৌড়ে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও আশা করতে পারেন।

এক সময় চাঁদপুরে জামায়াতে ইসলামী প্রকাশ্যে দূরে থাক গোপনেও মিটিং বা কোনো কার্যক্রম চালাতে পারত না। তবে ৫ আগস্টের পর প্রকাশ্যে রাজনীতি করছে দলটি। এরই মধ্যে দলটি জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নিয়ে গেছে দলীয় কার্যক্রম। চাঁদপুর-১ আসনে জেলার সাবেক মুহাদ্দিস আবু নছর আশরাফীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। সভা-সমাবেশ উঠোন বৈঠকে জোরেশোরে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন তিনিও।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী বলেন,দলের হাইকমান্ডের সবাই জানেন। আমি ২০১৮ সালে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি। যখন দেখেছি ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে এবং আমি নিজের ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, তখন আমি দুপুর ১২টার দিতে নির্বাচন প্রত্যাখ্যান করি। দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। তাই আমি শতভাগ বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দেবে। একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দল যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েই সবাই নির্বাচন করব।

কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান বলেন, কচুয়া বিএনপির প্রধান স্বমন্বয়কারি মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী মনোনয়ন পাবেন বলেই বিশ্বাস। বিএনপির দুর্দিনে দলের হাল ধরেছেন তিনি। তাছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী ছিলেন তিনি।

বিএনপির কচুয়া উপজেলা সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম বলেন, কচুয়ায় মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইয়ের বিএনপির মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত। তিনি দীর্ঘ সময় বিএনপির দুর্দিনে এলাকায় জনগনের পাশে ছিলেন। এলাকায় কখনো চাঁদাবাজি,দখলবাজি বা ক্ষমতার অপব্যবহার করেননি। এবার তৃণমূল নেতাদের মূল্যায়ন করা হবে বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন। ওনি সব সময় বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে থেকেছে। সেই হিসাবে শতভাগ নিশ্চিত মোশাররফ ভাই মনোনয়ন পাবে।

বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে ড. আ.ন.ম এহছানুল হক মিলনের মন্তব্য জানতে সেল ফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, আমরা নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে কাজ শুরু করেছি। এ সংসদীয় আসনে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। পোস্টার, লিফলেটসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মিটিং করছি। আমরা আশা করছি এবারের সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে জামায়াতে ইসলামী একটা শক্ত অবস্থান তৈরি করতে পারব।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে চাঁদপুর-১ আসনে ভোটারের অনুভূতি জানতে চাইলে অনেকেই বলেন বিএনপির মনোনয়ন দৌড়ে মিলন গ্রুপ ও মোশারফ গ্রুপ সমানে সমান এগিয়ে রয়েছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে দলের সহগনমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন হাসিব এর নাম শোনা যাচ্ছে। তবে তেমন কোন কর্মসূচি বা প্রচার-প্রচারনা নেই।

এদিকে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য,
ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের নির্বাচনী কর্মকাণ্ড তেমন চোখে পড়ার মত নয়। তাছাড়া ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির প্রার্থীতার বিষয়ে এখনও কেউ আলোচনায় আসেনি। সদ্য নিবন্ধন পাওয়া এনসিপি দলীয় প্রতিক নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 Dainiknatunbangladesh.com
Design & Development By Hostitbd.Com